সান্ধ্য প্রলাপ , দিনলিপি
আকাশের ঐ নীল দেবতা আজ অকস্মাৎ নদীর শিয়রে নেমে এসে ,
রচনা করেছেন নিসর্গের যাবতীয় পার্থিব খেলা । অপ্রতিম বৃক্ষরাজি , বালুচর , ডিঙি
নৌকা , রুপালী মীনের লাজুক উত্থান ও জলের প্রাকৃত বিস্তার,-- সবকিছু এত মৃদু ও
নতুন ; অথচ কী আশ্চর্য দেখ , চারদিক জুড়ে শুধু রঙ্গিণীদের আরক্তিম নাচ, আকাশের তলে
। তাদের অহংকারের রোদ গায়ে এসে লাগে । বহুকাল মৃত্যুহীন তাদের হৃদয়। তথাপি প্রাচীন শীত নেমে এলে মনে হয় , এ-পৃথিবী প্রবলভাবে
দ্রাক্ষাসিঞ্চিত । একদিন সব ভুল মুছে গেলে , জেগে উঠব আমরা এক বিলীন ঘুমের দেশে । ফিরে
আসবে পুরাতন বন্ধুরা সব একেএকে । আজ তাই , গুটিয়ে নিয়েছি ডানা , অহংকারী রোদের
ভিতর । সব প্রতীক্ষার শেষে , রাতের নিসর্গ জুড়ে নক্ষত্রের মালা । রাতের দেবতা এসে
সাজিয়ে দিয়েছেন আমাদের সুখ-দুঃখের ডালি ।
Comments
Post a Comment