সান্ধ্য প্রলাপ , দিনলিপি

আমার ভাষার ভিতরে আজো শব-বাহকের শীতল মুখ ভেসে আসে ; রক্তের বিপন্ন কাতরতা জেগে থাকে মর্গের মতন স্তব্ধ , রিক্ত , মলিন বিষাদে। ক্যালেন্ডার,-- সময়ের দিকচিহ্ন,-- ইতিহাসের স্থবিরতা নিয়ে পড়ে রয় ধূসর দেওয়ালে। প্রতিটি কথাই আজ টুপটাপ ঝরে যায় বোবাদের আপ্রাণ ইসারা হয়ে তোমার উঠোনে। কেন এত ব্যর্থতার গ্লানি লেগে থাকে গ্রীষ্ম-দুপুরে , প্রতিটি রিকশাচালকের মুখে, বসন্তের ক্ষয়াটে দাগের মত। সু-উচ্চ মিনারের চূড়া ঘিরে থাকে উড়ন্ত পারাবত দল আর মেঘের পালক। তবু ভাষা, পুরাতন ব্যবহৃত খবরের কাগজের মত উড়ে যায়। ডাস্টবিন চেটে খায় একদল ঘেয়ো কুকুর আর ক্ষুধার্ত পাগল। ভাষার ভিতরে মড়ক, রক্ত, অপমৃত্যু, দুঃস্বপ্নের নিওন বিজ্ঞাপন। ভাষা তো আসলে আজো স্মৃতির বিন্যাস। রাত্রি গভীর হলে , কে ছুটে যায় সেই অন্ধ অতীতের দিকে? ঘুমের ভিতরে তার পদশব্দ শোনা যায় রোজ।
১৯/০৫/২০০৭

Comments