আমার কবিতা

শিরোনামহীন-১



সৌমিত্র বৈশ্য 


চলো যাই,চলো যাই, অন্য কোনোখানে–

ঝিম ধরা জীবনের হাত ছেড়ে দিয়ে

কেউ যেন থাকে না সেখানে

পরিচয় হীন, নাম ও গোত্রবিহীন

একটি জীবন যদি পেয়ে যাই সেথা

সহসা জাগিলে সাধ, নতুন রকম

সেই ভাষা, জীবনের, শিখে নেব, একা–

নিজের সহিত কথা, নিভৃত সে, – তাই

ভয় নাই, ডর নাই,পাছে কে কী বলে

অকুতঃ সাহসে ভর করে, 

দিব্য এ-জীবন লভিবারে

ত্যাজিয়া সকল সাধ, নগরীর বিপণীর ভাষা,

আর মুদ্রায় সহজলভ্য, যত বিপণীর সাজ–

তবু জানি , স্মৃতিও তঞ্চক, গোপনে বহিয়া আনে

পুরাতন কথা, তবু ব্যাথা  তার নাই, 

শুধু ফেনিল উত্তাল, তাই

কোনো আরো রমণীর মত, –

লহমায় লুব্ধ করে, পিছনে টানিয়া

সভ্যতার অগ্নি লয়ে, ধাবমান প্রেতিনী যেন

উহারদের খোলা চুল, নগ্নতায় 

                                  কামনার নীলাভ আরক

ছায়া নাই, নির্জনতা নাই, নাই পাখির কুজন

#

চলো তবে, যাই আজ, বিশুদ্ধ জীবনে

ক্ষুধা নাই, তৃপ্তিহীন হাহাকার  নাই,

নশ্বরতা নাই

নাই কোনো আত্ম পরিজন

হিসাব-কিতাব নাই, 

এইখানে আলো করে আছে শুধু ছায়া,

ইভ তুমি, রহস্য-আবৃতা–

তোমার ভাষায় নেই,সরীসৃপ,আপেলের ঘ্রাণ

০৩.০৭.২০২২

হাইলাকান্দি 







Comments

Popular posts from this blog

বিশেষজ্ঞ

দাদার কীর্তি

আবছায়া (পর্ব নয়) / সৌমিত্র বৈশ্য