উনিশে মে , দুহাজার তেরো
#
আজ উনিশে মে । রোববার। ছুটির দিন। সকাল থেকে এক কবির বহু-পঠিত বইয়ের পাতা উল্টে যাচ্ছি । আচমকা মনে পড়ে গেল ঘনিষ্ট পরিচিত কয়েকজন কবির কথা, যারা অনেকদিন কবিতা লেখার পর ইহলোক ছেড়ে চলে গেছেন। তাও , অনেকদিন হল । মৃত্যুই যেন সময়ের অতিক্রান্তির অমোঘ যতিচিহ্ন। উনিশশো একষট্টি সনের উনিশে মে, বাংলা ভাষার জন্য একজন তরুণী সহ যে আরও দশজন মৃত্যুবরণ করে ছিলেন পুলিশের গুলিতে, - সে-ও অনেকদিন হল। মাঝে মাঝে মনে হয়, আর বোধহয় ভাষার জন্য কেউ প্রাণ দেবে না, ভাষাকে ভালবেসে । এখন আমরা ভাষার মাধ্যমে মাঝে মাঝে ভালোবাসার কথা , - যদি প্রেম জাগে প্রাণে,- বলি বটে ; কিন্তু সেটা নেহাতই একটি ঞ্জাপন । বাংলা ভাষারই এখন কতরকম চেহারা,-- প্রতাপের ভাষার পাশে অধীনের বিনীত নিবেদন । ভাষার ভিতরেই আজ, আক্রান্ত ও আক্রমণকারীর গোপন গেরিলা যুদ্ধ , কোথাও সবুজ মুক্তাঞ্চল । এদের মধ্যে সবচেয়ে লাজুক ও অভিমানী যে-ভাষা , সে লুকিয়ে থাকে কবিতা ও গানের আড়ালে । সন্ধ্যার আকাশের মত , সে-ভাষা নীরব ও শান্ত। তাই আজ , উনিশে মে , দু’ হাজার তের’র সকাল থেকে অঝোর বৃষ্টিধারা , মায়ের মমতা দিয়ে ধুয়ে দিচ্ছে আমাদের সেই লাজুক , অভিমানী ভাষার স্মিতমুখ । তার হাতে আজ গুঁজে দিও একগোছা লাল কৃষ্ণচূড়া ফুল ।

Comments

Popular posts from this blog

বিশেষজ্ঞ

দাদার কীর্তি

আবছায়া (পর্ব নয়) / সৌমিত্র বৈশ্য